ডেঙ্গুর বিস্তার নিয়ে ফের অসন্তোষ হাইকোর্টের

এডিস মশা নিধন ও ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের ব্যর্থতা রয়েছে কি না এবং এটি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা যায় কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট আইনজীবীদের মতামত চেয়েছে হাইকোর্ট। আগামীকাল বুধবার এ বিষয়ে আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাদের মতামত তুলে ধরবেন।

ডেঙ্গু নিয়ে হাইকোর্টে ঢাকার দুই সিটি করপোরেশন ও সরকারের পক্ষে অগ্রগতি প্রতিবেদন দাখিলের শুনানিতে গতকাল সোমবার ফের উষ্মা প্রকাশ করে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর হাইকোর্ট বেঞ্চ।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দাখিল করা প্রতিবেদনের বরাত দিয়ে আইনজীবী সাঈদ আহমেদ রাজা আদালতকে জানান, ভারত থেকে আনা মশা নিধনের ওষুধ ১০ আগস্ট থেকে প্রয়োগ হচ্ছে এবং এতে সুফলও পাওয়া যাচ্ছে। আর এর আগে আমলাতান্ত্রিকসহ নানা জটিলতার কারণে ওষুধ আনতে এবং তা প্রয়োগ করতে দেরি হয়েছে। যদি সময়মতো তা আনা যেত তাহলে আরও আগে থেকেই ওষুধ প্রয়োগ করা যেত।