আগামী সাউথইস্ট চ্যাপ্টারের আয়োজনে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া লি সেন্টারে ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডসের কনসার্ট অনুষ্ঠিত হলো।
বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা বিস্তারে তহবিল গঠনের উদ্দেশে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। আরও পারফর্ম করে স্থানীয় ব্যান্ড দল ক্রুনেজ।
বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা বিস্তারের কাজ করার জন্য ২০০৩ সাল থেকে যাত্রা শুরু করে আগামী। ক্যালিফোর্নিয়ার বে-এরিয়া থেকে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়ে বর্তমানে তার আমেরিকার বেশ কয়েকটি অঙ্গরাজ্যে তার পরিধি বিস্তার করেছে। ২০১৪ সালে ডিসি মেট্রো এলাকায় আগামী সাউথইস্ট চ্যাপ্টারের যাত্রা শুরু হয়।
আগামীর কার্যক্রম সম্পর্কিত আলোচনা ও ক্রুনেজের পরিবেশনা শেষে রাত ৮টায় মঞ্চে আসে ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস। বসন্ত বাতাসে সই গো, চার ছক্কা হই হই, নিটোল পায়ে রিনিক ঝিনিক- এই সব গান দর্শকদের আপ্লুত করে।
ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডসের পারফরম্যান্সকে আরও চাঙা করে তোলেন আনিলা নাজ চৌধুরী। ‘এক পায়ে নূপুর আমার অন্য পা খালি’ গান দিয়ে শুরু করে কিছু সময় মঞ্চ মাতিয়ে রাখেন তিনি।
সবশেষে বাংলাদেশ ক্রিকেট দলের স্বাক্ষরিত ব্যাট ও বল অকশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এক সময় বাংলাদেশে একের পর এক অনুষ্ঠান ও অ্যালবামে শ্রোতাদের মাতিয়েছিল ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস।