কাশ্মীর ভাঙার ‘ব্যাখ্যা’ নিয়ে পথে নামছে বিজেপি

জম্মু-কাশ্মীরকে ভেঙে কেন দুটি কেন্দ্রশাসিত রাজ্য করা হল, সেটি ভারতবাসীকে বোঝাতে ‘জনজাগরণ যাত্রার’ ঘোষণা দিয়েছে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি।

ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাস জুড়ে দেশবাসীকে বোঝাবে দলটি। সব রাজ্যের রাজধানী ও গুরুত্বপূর্ণ শহরে আমজনতা ও বিশিষ্ট জনেদের কাছে কাশ্মীর সিদ্ধান্তের যৌক্তিকতা তুলে ধরবেন দলের নেতারা।

টানা তিন সপ্তাহ ধরে নজিরবিহীন নিষেধাজ্ঞার মুখে রয়েছে কাশ্মীর।  বন্দি বা গৃহবন্দি রাজনৈতিক নেতারা। বাড়তি বাহিনীকে আগামী এক মাস রেখে দেওয়া হতে পারে। সব মিলিয়ে কাশ্মীরের পরিস্থিতি আদৌ ইতিবাচক নয় বলে মত অনেকের।

বিজেপি নেতাদের মধ্য থেকেও কেউ কেউ বলছেন, কাশ্মীর কার্যত জনবিক্ষোভের মুখে দাঁড়িয়ে। স্রেফ বিধিনিষেধ একটু ঢিলে হওয়ার অপেক্ষা। সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা হবে সুপ্রিম কোর্টে।

বিজেপি নেতৃত্বের যুক্তি, জাতীয় সংহতির প্রশ্নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল অনুচ্ছেদ ৩৭০। ‘এক দেশ, এক সংবিধান’ নীতিও প্রয়োগ করা সম্ভব হচ্ছিল না। তাই সেপ্টেম্বর মাস জুড়ে ‘জনজাগরণ যাত্রা’ কর্মসূচি দল হাতে নিয়েছে।