এক মাসের মধ্যে দ্বিতীয়বার সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ফোন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
পিটিআই জানিয়েছে, ফোনালাপে সালমানের কাছে কাশ্মীরের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন ইমরান। জবাবে সালমান কী বলেছেন, সেটি জানা যায়নি।
টানা তিন সপ্তাহ ধরে নজিরবিহীন নিষেধাজ্ঞার মুখে রয়েছে কাশ্মীর। বন্দি বা গৃহবন্দি রাজনৈতিক নেতারা। বাড়তি বাহিনীকে আগামী এক মাস রেখে দেওয়া হতে পারে। সব মিলিয়ে কাশ্মীরের পরিস্থিতি আদৌ ইতিবাচক নয় বলে মত অনেকের।
বিজেপি নেতাদের মধ্য থেকেও কেউ কেউ বলছেন, কাশ্মীর কার্যত জনবিক্ষোভের মুখে দাঁড়িয়ে। স্রেফ বিধিনিষেধ একটু ঢিলে হওয়ার অপেক্ষা। সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা হবে সুপ্রিম কোর্টে।
পাকিস্তানের অভিযোগ, কাশ্মীরের ‘আসল চিত্র’ গণমাধ্যমে আসছে না। বিশ্ববাসীকে ‘সত্য’ জানাতে ইমরান খানের রাজনৈতিক দল একটি মিডিয়া সেল খোলার ঘোষণা দিয়েছে।
মুসলিম বিশ্বের অবস্থান নিয়েও সৌদি যুবরাজের সঙ্গে আলাপ করেন ইমরান, ‘অর্থনৈতিক স্বার্থের কারণে কিছু মুসলিম দেশ বিষয়টি নিয়ে কথা না বললেও শেষ পর্যন্ত তারা আমাদের পক্ষে আসবে। সময় সাপেক্ষে তাদের আসতে হবে। ’