মেসিকে নিয়ে তাড়াহুড়ো নেই বার্সার

লিওনেল মেসিকে ছাড়াই নতুন মৌসুমের শুরুর সময়টা কাটাতে হচ্ছে বার্সেলোনাকে। চোটের কারণে খেলতে পারছেন না আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিয়ে কোনো তাড়াহুড়ো নেই কাতালান ক্লাবটির কোচ এরনেস্তো ভালভেরদের। মেসিকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে নারাজ তিনি।

পায়ের পেশির চোটের কারণে প্রাক মৌসুমে যুক্তরাষ্ট্র সফরে বার্সেলোনার ম্যাচগুলোতেও খেলতে পারেননি মেসি। নতুন মৌসুমের শুরুতেও ছিলেন না তিনি। এর মধ্যে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে আথলেতিক বিলবাওয়ের ১-০ গোলে হেরে নতুন মৌসুম শুরু করে বার্সেলোনা। পরের ম্যাচে অবশ্য রিয়াল বেতিসকে ৫-২ গোলে হারিয়ে জয়ে ফিরেছে লা লিগার গত মৌসুমের চ্যাম্পিয়নরা।

বেতিসের বিপক্ষে মেসির খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত চোটের কারণে খেলা হয়নি তার। আগামী শনিবার লিগে নিজেদের পরের ম্যাচে ওসাসুনার মাঠে খেলতে যাবে বার্সেলোনা। ওই ম্যাচেও খেলার সম্ভাবনা নেই মেসির।

এ ব্যাপারে ভালভেরদে বলেন, “চোটাক্রান্ত জায়গায় খুব ভালো বোধ করছে না সে। কিছুটা সেরে ওঠার পর আবার অবস্থার অবনতি হয়েছে। আমরা এরই মধ্যে বলেছি, কোনো খেলোয়াড়কে নিয়ে আমাদের তাড়াহুড়ো নেই।”