জেটলির শেষকৃত্যে ১১ জনের মোবাইল ফোন চুরি

ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলির শেষকৃত্য অনুষ্ঠিত হয় গত রবিবার। জেটলিকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে রাজনৈতিক নেতাকর্মীরা ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের মানুষও উপস্থিত হয়েছিল। শেষকৃত্য চলাকালে শ্মশানঘাটেই ১১ জনের মোবাইল চুরি হয়ে যায়।

চুরি যাওয়া মোবাইল ফোনের মধ্যে পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির এমপি বাবুল সুপ্রিয়র মোবাইলও ছিল বলে জানায় আনন্দবাজার। এ ছাড়া আছেন পতঞ্জলির মুখপাত্র এস কে তিজরাওয়ালা।

গত সোমবার তিজরাওয়ালা এক টুইটবার্তায় লেখেন, ‘আমরা সবাই যখন অরুণ জেটলিকে শ্রদ্ধা জানাতে ব্যস্ত ছিলাম, যে ফোনে এই অনুষ্ঠানের ছবি তুলেছিলেন তা চোরের খপ্পরে পড়ে। দুর্ভাগ্যের বিষয় শ্মশানঘাটকেও ছাড়ছে না চোর। মানুষের অসহায়তার সুযোগ নিচ্ছে তারা।’ পুলিশ এ পর্যন্ত অবশ্য ফোন চুরি যাওয়ার পাঁচটি অভিযোগ পেয়েছে। অভিযোগকারীদের মধ্যে রয়েছেন বাবুল সুপ্রিয়।