রাবির ভর্তি আবেদন ফি কমেছে

সব ইউনিটে পরীক্ষার সুযোগ পাচ্ছে ভর্তিচ্ছুরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ¯œাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সব ইউনিটে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে ভর্তিচ্ছুরা। এ ছাড়াও আবেদন ফি ২ হাজার ৩৫ টাকা থেকে কমিয়ে ১ হাজার ২৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত উপকমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়। আগামী ২০-২২ অক্টোবর ভর্তি পরীক্ষা হওয়ার কথা রয়েছে।

ভর্তি উপকমিটির সদস্য প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান জানান, উপকমিটির সভায় উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান সভাপতিত্ব করেন। সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। এখন একজন ভর্তিচ্ছু প্রতিটি ইউনিটেই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এ ছাড়া আবেদন ফি ২ হাজার ৩৫ টাকা থেকে কমিয়ে ১ হাজার ২৫৫ টাকা করা হয়েছে। 

এবার শিক্ষার্থীদের প্রথমে অনলাইনে ৫৫ টাকা দিয়ে প্রাথমিক আবেদন করতে হবে। প্রাথমিক আবেদন থেকে প্রতি ইউনিটে সর্বোচ্চ ৩২ হাজার শিক্ষার্থীকে চূড়ান্ত পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। সেখানে উত্তীর্ণদের ১ হাজার ২০০ টাকা দিয়ে চূড়ান্ত আবেদন করতে হবে। ‘এ’, ‘বি’ ও ‘সি’ এই তিনটি ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।