জামালপুরের সাবেক জেলা প্রশাসক আহমেদ কবীরের নারী কেলেঙ্কারির ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে শহরের দয়াময়ী মোড়ে জামালপুর মানবাধিকার ও নাগরিক সুরক্ষা আন্দোলন নামের একটি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে। ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনে মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে বক্তব্য দেন সাংবাদিক হাফিজ রায়হান সাদা, শওকত জামান, নারীনেত্রী শামীমা খান প্রমুখ। এ সময় বক্তারা সম্প্রতি জামালপুরের সাবেক ডিসি আহমেদ কবীর ও তার নারী অফিস সহায়কের আপত্তিকর ভিডিও ফাঁসের ঘটনায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি যারা এই ভিডিওটি ফাঁস করেছে তাদেরও আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।
গত বৃহস্পতিবার মধ্যরাতে খন্দকার সোহেল আহমেদ নামের একটি ফেইসবুক আইডি থেকে আপত্তিকর ভিডিওটি পোস্ট কর হয়। জেলা প্রশাসকের এমন কর্মকান্ডে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় ওঠে।