কাশ্মীর ভাঙার সিদ্ধান্ত ‘পর্যালোচনা করবে’ ভারতের সুপ্রিম কোর্ট

জম্মু ও কাশ্মীরকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত রাজ্য করার যে পদক্ষেপ নিয়েছে মোদি সরকার তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। অক্টোবর মাসে এই পর্যালোচনা করবে দেশটির শীর্ষ আদালত। খবর এনডিটিভির।

সংবিধানের ৩৭০ ধারা তুলে দেওয়ার প্রতিবাদে উচ্চ আদালতে জমা পড়া পিটিশনের প্রেক্ষিতে সরকারের বক্তব্য শুনবেন পাঁচ বিচারপতির একটি বেঞ্চে। জম্মু ও কাশ্মীরের অন্যতম রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্স এবং আরও অনেকে সরকারের এই পদক্ষেপকে ‘অসাংবিধানিক ও বেআইনি’ বলে দাবি করেছে।

সরকারী আইনজীবী বলেছেন, আদালত যা যা বলছে তা কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে। যেহেতু উভয় পক্ষ থেকেই এ নিয়ে যুক্তি ও পাল্টা যুক্তি দেওয়া হয়েছে, তাই বেঞ্চ বলেছে, ‘আমরা কী করব তা জানি, আমরা এই নির্দেশ দিচ্ছি, আমরা এতে কোনও পরিবর্তন আনব না।’

‘আমরা এতে কোনও পরিবর্তন আনব না’ বলতে আদালত কী বোঝাতে চেয়েছেন তা ব্যাখ্যা করেননি ওই আইনজীবী।