ডেঙ্গু নিয়ন্ত্রণে সারাদেশে ওষুধ ছিটানোর নির্দেশ হাইকোর্টের

ডেঙ্গু নিয়ন্ত্রণ ও এডিস মশা নিধনে ঢাকাসহ সারাদেশে ব্যাপকভাবে ওষুধ ছিটানো ও অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বুধবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর যুগ্ম বেঞ্চ এ আদেশ দেয়।

একইসঙ্গে আগামী ১৬ অক্টোবর এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ঠিক করেছে আদালত।

মশা নিধনে বিশ্বের অন্যান্য দেশের উদারহণ উল্লেখ করে আদালত বলেছে, প্রয়োজনে স্কুল-কলেজ, অফিস-আদালত এক-দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করে সব শ্রেণির মানুষকে সঙ্গে নিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ ও এডিস মশার আবাসস্থল ধ্বংসে একযোগে অভিযান পরিচালনা করা যেতে পারে।

আদালতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পক্ষে ছিলেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী মাঈনুল হাসান।