কৃষ্ণাঙ্গ সহকর্মীকে ‘গরিলা’ বলার পর টিভিতে ক্ষমা প্রার্থনা

টেলিভিশন অনুষ্ঠানে সহ-সঞ্চালককে গরিলা বলার পর ক্ষমা চাইতে হলো এক নারীকে। শুধুমাত্র গায়ের রঙের কারণে এই মন্তব্য করেন তিনি।

সিএনএন জানায়, তাদের অধীনস্থ যুক্তরাষ্ট্রের ওকলাহোমার কোকো টিভিতে বৃহস্পতিবার সকালের অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। পরদিনই দুঃখপ্রকাশ করেন অ্যালেক্স হাউসডেন নামের ওই সঞ্চালক।

সহকর্মী জেসন হাকেটকে অ্যালেক্স বলেছিলেন, ওকলাহোমা শহরের চিড়িয়াখানায় তার মতো দেখতে একটা গরিলা রয়েছে।

পরদিনের অনুষ্ঠানে অশ্রু টলমল চোখে হাজির হয়ে অ্যালেক্স বলেন, “আমি গতকাল অবিবেচকের মতো কথা বলেছিলাম। এটা ঠিক হয়নি এবং আমি অন্যকে আঘাত করেছি।”

আরও জানান, তিনি বুঝতে পেয়েছেন জেসন কতটা আঘাত পেয়েছেন। যদিও তাদের বন্ধুত্ব দেড় বছরের। তিনি জেসন ও তার সম্প্রদায়কে ভালোবাসেন। তাই ক্ষমা প্রার্থনা করছেন।

একজন আফ্রিকান-আমেরিকানকে গরিলা বলার মাধ্যমে বর্ণবিদ্বেষের প্রকাশ ঘটেছে- যদিও এ নিয়ে ওই বিবৃতিতে কিছু বলা হয়নি।

ওই সময় জেসন ক্ষমা প্রার্থনা মঞ্জুর করেন। জানান, তিনি ওই মন্তব্যের কারণে দুঃখ পেয়েছেন।