স্বামী নিক জোনাসের প্রতি কতটা গভীর ভালোবাসা প্রিয়াঙ্কা চোপড়ার, সেটি আবারও দেখিয়ে দিলেন তিনি। স্বামীকে চমক লাগিয়ে দেওয়া এক ফটোশপের মাধ্যমে ভাইরাল এই বলিউড অভিনেত্রী।
এনডিটিভি জানায়, সম্প্রতি এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে সেরা পপ সংগীত পুরস্কার জিতে জোনাস ব্রাদার্স। দুর্দান্ত সেই মুহূর্তে নিকের অন্য দুই ভাই জো জোনাস এবং কেভিন জোনাসকে নিজেদের স্ত্রী সোফি টার্নার এবং ড্যানিয়েল জোনাসকে চুম্বন করতে দেখা যায়। আর একা একাই নিক দাঁড়িয়ে ছিলেন হাসিমুখে। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি স্ত্রী প্রিয়াঙ্কা।
এই ছবিটি ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। এতে বোঝা যাচ্ছিল, নিক সেই সময়ে প্রিয়াঙ্কাকে কতটা মিস করছিলেন। তবে ফটোশপের মাধ্যমে স্বামী নিককে একা থাকতে দেননি প্রিয়াঙ্কা।
মূল ছবিটিতে নিকের সঙ্গে নিজেকে জুড়ে দিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন প্রিয়াঙ্কা। যেখানে তাকে নিককে জড়িয়ে ধরে থাকতে দেখা যাচ্ছে।
ওই পোস্টের ক্যাপশনে দেশি গার্ল লিখেন: “আমি সব সময় নিক জোনাসের সঙ্গে আছি। অভিনন্দন জোনাস ব্রাদার্স! তোমাদের সবাইকে নিয়ে আমি খুব গর্বিত!”
স্বামীর প্রতি প্রিয়াঙ্কার এমন ভালোবাসা ভক্তদের মুগ্ধ করেছে। স্বামীর সাফল্যের সময় তার কাছে থাকতে না পারা প্রিয়াঙ্কার আকুতিও স্পর্শ করে নেটিজেনদের।
প্রিয়াঙ্কার হাতে এখন পরিচালক রবার্ট রদ্রিগেজের নেটফ্লিক্স ফিল্ম উই ক্যান বি হিরোস। এ ছাড়া সোনালি বোসের দ্য স্কাই ইজ পিঙ্ক ছবিতে, ফারহান আখতার এবং জায়রা ওয়াসিমের সঙ্গেও অভিনয় করেছেন তিনি।