পার্বতীপুরে হাত-পা বাঁধা বস্তাবন্দি ছাত্র উদ্ধার

দিনাজপুরের পার্বতীপুরে লালচাঁন বাদশা (১৪) নামে এক মাদ্রাসাছাত্রকে হাত-পা বাঁধা ও বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করেছে গ্রামবাসী। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের দরগাপাড়া ফাজিল মাদ্রাসার পেছনের জঙ্গল থেকে তাকে উদ্ধার করা হয়। সে ওই মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র। ২য় ঘণ্টার ক্লাস চলাকালে সে কাউকে না জানিয়ে মাদ্রাসার বাইরে চলে যায়। এর কিছুক্ষণ পরে মাদ্রাসার পাশের বাড়ির এক নারী গোঙ্গানির শব্দ শুনে মুখ বাঁধা একটি প্লাস্টিকের বস্তা দেখতে পায়। তার চিৎকারে আশপাশের লোকজন এসে বস্তার বাঁধন খুলে লালচাঁন বাদশাকে বস্তা থেকে বের করেন। মাদ্রাসা শিক্ষকের সহায়তায় তাকে দ্রুত পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

বাদশার বাবা হেলাল উদ্দীন জানান, সপ্তাহ খানেক আগেও তার ছেলে নিখোঁজ হলে চারদিকে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে জঙ্গল থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। কে বা কারা এ ঘটনায় জড়িত তার কোনো কূল-কিনারা করতে পারেনি তার পরিবার।

দরগাপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ইয়াছিন আলী জানান, ঘটনাটি রহস্যজনক। তার বাবা-মা এ ব্যাপারে কোনো ধারণা দিতে পারছেন না।

পার্বতীপুর মডেল থানার ওসি মোখলেছুর রহমান বলেন, মাদ্রাসাছাত্রকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধারের ঘটনায় থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।