সংখ্যালঘু মুসলিমদের রাষ্ট্রহীন করতে পারে না ভারত : যুক্তরাষ্ট্র

ভারতের আসামের নাগরিক তালিকা নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতাবিষয়ক আন্তর্জাতিক কমিশনের (ইউএসসিআইআরএফ) এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আসামের নাগরিক তালিকা অবশ্যই সেখানকার সংখ্যালঘু মুসলমানদের লক্ষ্যবস্তুতে পরিণত করা কিংবা তাদের রাষ্ট্রহীন মানুষে পরিণত করার হাতিয়ার হতে পারে না। এ ধরনের যেকোনো পদক্ষেপে ইউএসসিআইআরএফ অস্বস্তি বোধ করে।

ইউএসসিআইআরএফের পক্ষ থেকে সংস্থাটির প্রধান টনি পারকিনস এবং সংস্থাটির কমিশনার অনুরিমা ভারগাভা এ বিবৃতি দেন। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বাসিন্দারা দেশটির চূড়ান্ত জাতীয় নাগরিক তালিকায় (এনআরসি) অন্তর্ভুক্ত হতে ৩১ আগস্টের চূড়ান্ত সময়সীমার মুখোমুখি হয়েছেন। এ সময়ের মধ্যে তাদের কর্র্তৃপক্ষের কাছে নাগরিকত্ব যাচাইয়ের নথি জমা দিতে হবে। আনুষ্ঠানিকভাবে এ নিবন্ধন প্রক্রিয়ার উদ্দেশ্য হচ্ছে, আসামের সীমান্তবর্তী বাংলাদেশ থেকে আসা অভিবাসীদের ব্যাপারে যাচাই-বাছাই করা।

ইউএসসিআইআরএফের প্রধান টনি পারকিনস বলেন, ধর্মীয় স্বাধীনতা বা বিভিন্ন সম্প্রদায়ের প্রতি আস্থা এবং ধর্মীয় বহুত্ববাদের প্রতি শ্রদ্ধার মতো বিষয়গুলো দীর্ঘদিন ধরেই ভারতীয় সমাজব্যবস্থার মূল ভিত্তি।