দারুণ সেঞ্চুরিটাকে বাংলাদেশ ইমার্জিং দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর বেশি বড় করতে পারেননি গতকাল। দিনটা ১২৪-এ শুরু করে ১৩৩ রানে থেমেছেন। কিন্তু নিচের দিকের ব্যাটসম্যানদের দৃঢ়তায় স্বাগতিকরা প্রথম ইনিংসে ৩৬০ রান তুলে অলআউট হয়েছে। জবাবে শ্রীলঙ্কা ইমার্জিং দল খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ৪ উইকেটে ১০১ রান তুলে। স্বাগতিকরা এগিয়ে ২৫৯ রানে। আসলে সবদিক থেকেই চার দিনের এই অনানুষ্ঠানিক টেস্টে এগিয়ে শান্তর দলটি।
ম্যাচের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও বাংলাদেশের একজন আলোচনায়। তিনি নাঈম হাসান। ১৮ বছর বয়সী এই অফস্পিনার এরই মধ্যে ২টি টেস্ট খেলে ফেলেছেন। বোলিং মূল অস্ত্র। এর পাশে ব্যাট হাতেও যে নিচের দিকে তার কাছে কিছু পাওয়ার আশা করা যায় তার প্রমাণ রেখেছেন। শান্ত ৪০৩ মিনিটে ২৬৯ বল খেলে ১৩ চার ও ১ ছক্কায় ১৩৩ করে বিদায় নেন। উইকেটকিপার-ব্যাটসম্যান জাকির হাসান ৪৯ রান করলেন। এরপর আট নম্বরে নেমেছিলেন নাঈম। ৭২ বলে ৩৬ রান করেছেন। চারটি বাউন্ডারি তার ইনিংসে।
বোলিংয়ে সবাইকে ছাপিয়ে আসছে নাঈমের নাম। ৩৮ ওভার ব্যাট করেছে লঙ্কান দলটি। এর ১৬ ওভার করেছেন নাঈম। ৭ ওভার নিয়েছেন মেডেন। ৩১ রান দিয়ে শিকার শ্রীলঙ্কার হারানো ৪ উইকেটের প্রতিটি।
তৃতীয় বোলার হিসেবে বল হাতে পেয়ে শুরু থেকে আক্রমণ করেছেন নাঈম। লঙ্কান দুই ওপেনারকে ইয়াসির আলি রাব্বির সঙ্গে যুগলবন্দিতে আউট করেছেন। ইনিংসের ষষ্ঠ ওভারে পাথুম নিসাঙ্কার (১৬) ক্যাচ নাঈমের বলে নিয়েছেন ইয়াসির। এক ওভার পর দুজনে মিলে আউট করেছেন অন্য ওপেনার সানগিত কোরেকে (৬)। ষোড়শ ওভারে উইকেটকিপার-ব্যাটসম্যান মিনোদ ভানুকা (১১) উইকেটের পেছনে দিয়েছেন ক্যাচ। এক ওভার পরই নাঈমের বলে অধিনায়ক চারিথ আসালঙ্কা (১৮) মোহাম্মদ নাঈমের হাতে হয়েছেন বন্দি। ৫৯ রানে ৪ উইকেট হারানোর পর দিনের বাকি সময়টা নিরাপদে কাটিয়েছে লঙ্কান ইমার্জিং দল।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ইমার্জিং দল প্রথম ইনিংস : ৩৬০ (শান্ত ১৩৩, জাকির ৪৯, নাঈম ৩৬, ইয়াসিন ১২, তানভির ১৬; মেন্ডিস ৪/৭৩)। শ্রীলঙ্কা ইমার্জিং দল প্রথম ইনিংস : ১০১/৪ (মাদুওয়ান্থা ২১*, বান্দারা ২৩*, নাঈম ৪/৩১)।