সর্বশেষ ২৫ বছরে সেরা ম্যাচজয়ী ইনিংসের যে ভোটিংয়ের আয়োজন করেছে ক্রিকেটভিত্তিক ওয়েব পোর্টাল ক্রিকইনফো, তাতে এখনো এগিয়ে কুশল পেরেরা। আয়োজনের তৃতীয় দিন শেষ খবর পাওয়া পর্যন্ত লঙ্কান ওপেনার পেয়েছেন ৩২ হাজার ১০০ ভোট। দ্বিতীয় অবস্থানে থাকা বেন স্টোকস পেয়েছেন ২০ হাজার ৪০০ ভোট। আগের দিন ছিল ১৮ হাজার ১০০। তৃতীয় স্থানে থাকা ব্রায়ান লারার ইনিংসটি ১৩ হাজার ৭০০ ভোট নিয়ে ওই অবস্থানেই আছে। আগের দিন এই ইনিংসে ভোট পড়েছিল ১২ হাজার ১০০। এছাড়া চতুর্থ অবস্থানে থাকা ভিভিএস লক্ষ্মণের ইনিংস ৯ হাজার ৭০০ থেকে ১১ হাজার ভোট পেয়েছে। ইনজামাম উল হকেরটি ৫ হাজার থেকে আরও ৬০০ ভোট বেশি পেয়েছে। ৩ হাজার ৬০০ থেকে ৪ হাজার ৪০০ ভোট পড়েছে মাহেলা জয়াবর্ধনের ইনিংসে। সপ্তম অবস্থানে থাকা অ্যাডাম গিলক্রিস্টের ইনিংসে ভোট ২ হাজার ৭০০ থেকে বেড়ে ৩ হাজার ১০০তে পড়েছে। আর সর্বশেষ রিকি পন্টিংয়ের ইনিংসে ভোট আগের দিনের চেয়ে ২০০ বেড়ে দেড় হাজারে উঠেছে।