কাজী আনোয়ার হোসেনের গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’ নিয়ে সিনেমা বানাচ্ছে জাজ মাল্টিমিডিয়া। পরিচালনা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নির্মাতা আসিফ আকবর।
প্রযোজনা প্রতিষ্ঠান জানালো, সিনেমাটির নায়িকা হচ্ছেন বলিউডের ব্যস্ত তারকা শ্রদ্ধা কাপুর। তাকে দেখা যাবে সুলতা চরিত্রে।
বৃহস্পতিবার সকালে জাজের ফেসবুক পেজে এই খবর জানানো হয়।
এর আগে সিনেমাটিতে একাধিক হলিউড তারকার অন্তর্ভুক্তির খবর দেওয়া হয়েছে।
সেখানে বলা হয়, বলিউডে অন্যতম মেধাবী ও সুন্দরী অভিনেত্রী শ্রদ্ধা কাপুর যোগ দিচ্ছেন ‘মাসুদ রানা’য়। সঙ্গে থাকছেন হলিউডের মিকি রোর্ক ও ঢালিউডের একাধিক অভিনেতা।
শ্রদ্ধা সম্পর্কে বলা হয়, ‘আশিকি টু’ ও ‘বাগি’র মতো হিট সিনেমার মাধ্যমে তিনি ইতিমধ্যে আলোচিত হয়েছেন।
সিনেমাটিতে আরও অভিনয় করছেন দালিপ সিং, লিউস টান, গ্যাব্রিয়েলা রাইট ও ওয়েস্টন কেজ কপোলা। ছবির মূল দৃশ্যায়নে হবে মরিশাস, বাংলাদেশ ও থাইল্যান্ডে। প্রযোজনায় আরও থাকছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ভিত্তিক প্রতিষ্ঠান সিলভারলাইন এন্টারটেইনমেন্ট।
‘মাসুদ রানা’ সিরিজের প্রথম উপন্যাস ‘ধ্বংস পাহাড়’ থেকে চিত্রনাট্য পরিমার্জন, পরিবর্তন ও পরিবর্ধন করেছেন আবদুল আজিজ, আসিফ আকবর ও নাজিম উদ দৌলা।
১কোটি ডলার (প্রায় ৮৩ কোটি টাকা) বাজেটের ‘মাসুদ রানা’ বাংলা ও ইংরেজি ভাষায় তৈরি হবে।
ছবির শুটিং শুরু হবে ২৭ সেপ্টেম্বর। তার আগে ঘোষণা করা হবে কে থাকছেন নাম ভূমিকায়।