ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতিতে ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালাল পাকিস্তান।

বৃহস্পতিবার পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃজনসংযোগ বিভাগ (আইএসপিআর) সংবাদমাধ্যমকে এ খবর জানায়।

ডন জানায়, বুধবার দিবাগত রাতে গজনভি নামে ব্যালিস্টিক মিসাইলটির পরীক্ষা চালায় পাকিস্তান। এটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বলে আইএসপিআর জানায়।

টুইটারে একটি ভিডিও বার্তায় আইএসপিআর ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল আসিফ গফুর বলেন, ক্ষেপণাস্ত্রটি ২৯০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। রাতে হামলা চালানোর উপযোগী এই ক্ষেপণাস্ত্র।

গজনভির সফল পরীক্ষায় এর টিমের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

এর আগে মে মাসে শাহিন-২ নামে আরেকটি ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছিল। সেটিও ছিল ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র।