পোষা প্রাণীর মতো ঊরু চাপড়ে স্ত্রীকে ডেকে ভাইরাল ট্রাম্প (ভিডিও)

ঊরু চাপড়ে স্ত্রীকে ডাকলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর গাড়ি থেকে বেরিয়ে আসেন মেলানিয়া ট্রাম্প। এই ভিডিও প্রকাশ্য আসার পর সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প।

নিউজ উইক জানায়, নিজের ঊরু চাপড়িয়ে স্ত্রী মেলানিয়াকে ডেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েন ট্রাম্প। 

জানা যায়, চলিত মাসের শুরুতে সস্ত্রীক ওহাইয়োর ডেটন সফরে গিয়েছিলেন ট্রাম্প। সেই সফরের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়ি থেকে নেমে নিরাপত্তাকর্মী বেষ্টিত হয়ে দাঁড়িয়ে রয়েছেন ট্রাম্প।

সেই সময় নিজের ডান হাত দিতে ডান ঊরু চাপড়ে শব্দ করেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর বেরিয়ে আসেন মেলানিয়া। তখন দুজনে একসঙ্গে হাঁটা দেন।

বুধবার সাত সেকেন্ডের ভিডিওটি টুইটারে আপলোড করেন মার্কিন সাংবাদিক ও লেখক জেমস ফেলটন। ইতিমধ্যে ভিডিওটি সাড়ে ছয় লাখেরও বেশিবার দেখা হয়েছে।

পোষা প্রাণীকে ডাকার মতোই স্ত্রীকে ডেকেছেন মার্কিন প্রেসিডেন্ট, এমনটাই মত অনেক নেটিজেনের। নারীদের এভাবে ডাকা সম্মানজনক নয় বলে অনেকে মন্তব্য করেন।