জাতীয় সংসদের কার্যক্রম নিয়ে ট্রানসপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যে প্রতিবেদন প্রকাশ করেছে তা সম্পূর্ণ একপেশে এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আকরম খাঁ হলে তৃণমূল বাংলাদেশ ন্যাশনাল পার্টি (তৃণমূল বিএনপি) আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, দুর্নীতি-অনিয়মের অভিযোগ এনে পদ্মাসেতুর অর্থায়ন বন্ধ করে দেয় বিশ্বব্যাংক। এ নিয়ে টিআইবি দুর্নীতি-অনিয়মের সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছিল। অথচ কানাডার আদালত থেকে প্রমাণিত পদ্মাসেতুতে কোনো অনিয়ম হয়নি, কিন্তু ভুল তথ্য দিলেও টিআইবি জাতির কাছে ক্ষমা চায়নি। এবারও তারা জাতীয় সংসদ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে, যা কোনো সঠিক তথ্যের ভিত্তিতে করা হয়নি। ভুল প্রতিবেদন প্রকাশে তাদের উচিৎ ছিল জাতির কাছে ক্ষমা চাওয়া।
তিনি বলেন, ‘টিআইবি বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনগুলোতে ভুল থাকে। আমরা সমালোচনা চাই, সমালোচনা সঠিক কাজ করতে সহায়তা করে। কিন্তু আমরা একপেশে সমালোচনা চাই না। যার দ্বারা জাতি বিভ্রান্ত হবে, গণতন্ত্র ধূলিসাৎ হবে।’
টিআইবির উদ্দেশে তিনি বলেন, ‘আমি আশা করবো টিআইবি সঠিক তথ্য প্রকাশ করবে এবং তাদের ভুল তথ্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইবে।’
তিনি বলেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের (২০০৭-৮) আমলের অনিয়মের তথ্য টিআইবি ২০১০ সালে প্রকাশ করেছিলো। এতে জনগণ বিভ্রান্ত হয়েছিল, টিআইবির প্রতিটি প্রতিবেদনে গলদ থাকে। আমরা সমালোচনা চাই, তবে সেটি সত্যিকারের সমালোচনা হতে হবে। সঠিক সমালোচনা চলার পথের পাথেয় হয়।
তৃণমূল বিএনপি ও বাংলাদেশ জাতীয় জোট বিএনএফের চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের কো-চেয়ারম্যান কে এ জাহাঙ্গীর মজুমদার, বিএনএ মহাসচিব মেজর (অব.) হাবিবুর রহমান, তৃণমূল বিএনপির মহাসচিব ব্যারিস্টার আকবর আমিন বাবুল প্রমুখ।