ফতুল্লার দাপায় মুখে গামছা বেধে (১৩) বছরের এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার রাত ৯ টায় দাপা ইদ্রাকপুর জোড়পুল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষণের শিকার কিশোরীর মা সাহীনা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
ধর্ষণের শিকার কিশোরী দাপা জোড়পুল এলাকায় রিংকু মিয়ার বাড়িতে স্ব-পরিবারে ভাড়া থাকে বলে জানা যায়।
জানা যায়, ধর্ষণের শিকার কিশোরী ঘটনার রাতে বাড়ির পাশের দোকানে তেল আনতে গেলে দাপা ব্যাংক কলোনি এলাকার মৃত সামাদ মিয়ার পুত্র শান্ত ওরফে তোতলা শুভ (২৮), একই এলাকার মৃত নিজাম মিয়ার পুত্র শুভ (২৪), দাপা জোড়পুল এলাকার শাহিন উদ্দিনের পুত্র রাজন (২৮) কিশোরীকে জোরপূর্বক গামছা দিয়ে মুখ বেধে পার্শ্ববর্তী নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে।
এক পর্যায়ে ধর্ষণের শিকার কিশোরী আত্ন-রক্ষার্থে ডাক-চিৎকার করলে আশে পাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছালে ধর্ষণকারীরা পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন ধর্ষণের শিকার কিশোরীকে নিয়ে ঘটনার রাতেই ফতুল্লা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। স্থানীয়রা জানায় অভিযুক্তরা সকলেই মাদক সেবী এবং মাদক বিক্রেতা।
ফতুল্লা মডেল থানায় অফিসার ইনর্চাজ (ওসি) আসলাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে দেশ রূপান্তরকে জানান আসামিদের গ্রেপ্তারে ফতুল্লা থানা পুলিশের একাধিক টিম চেষ্টা চালাচ্ছে।