জাতি বঙ্গবন্ধু হত্যার মদদদাতাদের জানতে চায় : তথ্য প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মূল কুশীলবদের মুখোশ এখনো উন্মোচন হয়নি মন্তব্য করে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বিপথগামী সেনা কর্মকর্তাদের বিচার হলেও এর নেপথ্যে যারা ছিলেন, তাদেরও বিচার চায় বাঙালি জাতি।’ গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ওলামা মাশায়েখ ঐক্যজোট আয়োজিত জাতির পিতার ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ৪৪ বার কোরআন খতম অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘একটা স্বাধীন কমিশন গঠন করে এই কুশীলবদের মুখোশ উন্মোচন করতে হবে। জাতি জানতে চায় কারা এই হত্যাকাণ্ডে মদদ দিয়েছেন। যারা পলাতক আছেন, তাদের দেশে ফিরিয়ে আনতে হবে। যারা মারা গেছেন, তাদের মরণোত্তর বিচার করতে হবে।’

বাংলাদেশে ইসলামের প্রসারে সবচেয়ে বড় ভূমিকা ছিল বঙ্গবন্ধুর উল্লেখ করে তিনি বলেন, ‘জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রতিষ্ঠা, তুরাগ নদের তীরে ইজতেমার জমি বরাদ্দ, কাকরাইল মারকাজ মসজিদে জমি বরাদ্দ, ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন তিনি। অথচ সেই মহান ব্যক্তিকে মুসলমানদের মধ্য থেকেই বিপথগামীরা হত্যা করলেন। এটা ছিল সবচেয়ে জঘন্য হত্যাকাণ্ড। যেখানে নারী, শিশু এমনকি পেটের বাচ্চাসহ একটি পরিবারকে হত্যা করা হয়।’

বাংলাদেশ ওলামা মাশায়েখ ঐক্যজোট সভাপতি মুফতি আবদুল হালিম সিরাজীর সভাপতিত্বে আয়োজিত সভায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও ওলামা মাশায়েখ বক্তব্য রাখেন