চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশ ও দুই দল মাদক ব্যবসায়ীর কথিত ত্রিমুখী বন্দুকযুদ্ধে রোকনুজ্জামান রোকন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার জয়রামপুর কাঠালতলা গ্রামের একটি বাঁশবাগানের মধ্যে কথিত এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত রোকনুজ্জামান দামুড়হুদা উপজেলার দর্শনা দক্ষিণ চাঁদপুরের আবু বক্কর সিদ্দিকীর ছেলে।
পুলিশের ভাষ্য, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার জয়রামপুর কাঠালতলা এলাকার একটি বাঁশবাগানে আধিপত্য বিস্তার নিয়ে দুই দল মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি শুরু হয়।
খবর পেয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় দুই পক্ষই পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। প্রায় ৩০ মিনিট গুলিবিনিময়ের পর মাদক ব্যবসায়ীরা পিছু হটে।
এ সময় ঘটনাস্থল থেকে রোকন নামে এক মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। সেখান থেকে একটি দেশীয় এলজি, দুইটি কার্তুজ, এক বস্তা ফেনসিডিল ও দুইটি রাম দা উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
দ্রুত রোকনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধে ওই মাদক ব্যবসায়ী ও ডাকাত রোকন নিহত হয়েছেন।
রোকনের নামে পুলিশের ওপর হামলা, মাদক, চোরাচালান, ডাকাতি ও অপহরণসহ ১০টি মামলা রয়েছে বলে জানান তিনি।