সিনেমায় অর্ধ শতক

খুরশীদ আলম। বর্ষীয়ান এই শিল্পী বাংলা সিনেমাকে দিয়েছেন অনেক স্মরণীয় গান। আর এই আগস্টে পূর্ণ হলো তার সিনেমা ক্যারিয়ারের পঞ্চাশ বছর।

চুরি করেছো আমার মনটা, চুমকি চলেছে একা পথে, আজকে না হয় ভালোবাসো এবং মা গো মা’র মতো অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন এই জীবন্ত কিংবদন্তি।

এ উপলক্ষে চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান ‘সাময়িকী’র বিশেষ একটি পর্ব ধারণ করা হয়েছে সম্প্রতি।

খুরশীদ আলমের জন্ম ১৯৪৬ সালে জয়পুরহাটে। তবে বেড়ে ওঠা ঢাকাতেই। চলচ্চিত্রে তার আত্মপ্রকাশ হয় ১৯৬৯ সালের ১ আগস্ট বাবুল চৌধুরী পরিচালিত ‘আগন্তুক’ চলচ্চিত্রে ‘বন্দী পাখির মতো’ শিরোনামের গানে কণ্ঠ দিয়ে। এ গানের সংগীত পরিচালক ছিলেন আজাদ রহমান। কথা লিখেছিলেন ডা. সাজেদুর রহমান।

‘সাময়িকী’র বিশেষ এই পর্ব চ্যানেল আইয়ে প্রচার হবে শুক্রবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে। গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান। অনুষ্ঠানে খুরশীদ আলম উপস্থিত থাকছেন। সেখানে সংগীত জীবনের অনেক অজানা গল্পগাথা তুলে ধরেছেন।