দুঃশাসন থেকে গুমের মতো মানবতাবিরোধী হিংস্রতার সৃষ্টি: বিএনপি

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে হারিয়ে যাওয়া মানুষদের জন্য উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একক বাণীতে এই উদ্বেগ প্রকাশ করেন।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশে গুমের আতঙ্ক এখন সর্বত্র পরিব্যাপ্ত। দুঃশাসন থেকে উৎপন্ন হয় গুম ও বিচারবহির্ভূত হত্যার মতো মানবতাবিরোধী হিংস্রতা।

তিনি বলেন, এই নৃশংস গুমের শিকার হয়েছেন তার দলের সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী, সাইফুল ইসলাম হিরু ও চৌধুরী আলম, সুমনসহ অসংখ্য মানুষ।

মির্জা ফখরুল বলেন, আরেকটি অভিনব গুমের শিকার হয়েছেন সাবেক মন্ত্রী ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তাকে দুই মাস গুম করে রাখার পর পাচার করা হয়েছে অন্য দেশে। এই নতুন ধরনের ঘটনা দেশবাসীকে অজানা আতঙ্কে উদ্বিগ্ন করে তুলেছে।

তিনি বলেন, গুম করা হয়েছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীদের। তাদের বেদনার্ত পরিবার এখনো পথ চেয়ে বসে আছে প্রিয়জনদের ফিরে আসার আশায়।

বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্র সমাজে মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার বোধ সৃষ্টির জন্যই গুমকে কৌশল হিসেবে ব্যবহার করে নিষ্ঠুর শাসকগোষ্ঠী। এর মূল লক্ষ্য বিরোধী কণ্ঠকে নির্মূল করা।

কেবল একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রকৃত গণতান্ত্রিক সরকার গঠন হলেই গুম, অপহরণ, খুন ও বিচারবহির্ভূত হত্যার আতঙ্ক মানুষের মন থেকে দূর হবে বলে বলে মনে করেন তিনি।

বিশ্বজুড়ে ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস হিসেবে পালিত হয়। ২০১১ সালের ৩০ আগস্ট বিভিন্ন দেশে দিবসটি পালিত হচ্ছে। তবে নিখোঁজ হয়ে যাওয়া মানুষদের স্মরণে এবং গুমের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতেই দিবসটি পালনের ঘোষণা দেয় জাতিসংঘ।

 বাংলাদেশেও গত কয়েক বছর ধরে গুম হয়ে যাওয়া ব্যক্তির স্বজনরা দিবসটি পালন করছে। এদিন তারা স্বজনদের ছবি নিয়ে মানববন্ধন, আলোচনা সভা করে তাদের ফেরত পাওয়ার দাবি জানায়। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পাশাপাশি দেশের মানবাধিকার সংস্থাগুলোও গুম বন্ধে সরকারকে আহ্বান জানায়।