ঊর্মিলা মাতন্ডেকরের সঙ্গে তার শ্বশুর বাড়ির যোগাযোগ নেই বাইশ দিন। কংগ্রেস থেকে লোকসভা নির্বাচনে অংশ নেওয়া এই বলিউড নায়িকার স্বামীর বাড়ি কাশ্মীরে।
ভারতীয় সংবাদমাধ্যমকে ‘পিঞ্জর’ অভিনেত্রী বলেন, “আমার স্বামী ২২ দিন ধরে তার বাবা-মার সঙ্গে কথা বলতে পারছেন না।”
ঊর্মিলার মতে, জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা সম্পর্কিত ৩৭০ ধারা ‘অমানবিক পদ্ধতিতে’ বাতিল করা হয়েছে।
তিনি বলেন, “প্রশ্ন শুধু ৩৭০ ধারা বাতিল হওয়া নিয়ে নয়। এটি হয়েছে অমানবিক পদ্ধতিতে।”
বৃহস্পতিবার ঊর্মিলা বলেন, “আমার শ্বশুর ও শাশুড়ি কাশ্মীরে থাকেন। দুজনেরই ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে। আজ ২২ দিন হলো। আমি বা আমার স্বামী কেউ তাদের সঙ্গে কথা বলতে পারিনি। আমাদের জানা নেই, তাদের কাছে দরকারি ওষুধ আছে কিনা।”
৫ আগস্ট নরেন্দ্র মোদি সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে। এর দুদিন আগে থেকে অঞ্চলটি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলে হয়। বর্তমানে সেখানে ভারত ও বহির্বিশ্ব ছাড়াও স্থানীয় পর্যায়ে যোগাযোগের সকল মাধ্যম বন্ধ।
শিশুশিল্পী হিসেবে ১৯৮০ সালে মারাঠি সিনেমায় অভিষেক হয় ঊর্মিলার। এরপর নব্বই দশকের শুরুতে নায়িকা হিসেবে আবির্ভূত হন। ১৯৯৫ সালের বলিউডের ‘রঙ্গিলা’ সিনেমাটি তাকে আলোচনায় নিয়ে আসে। সর্বশেষ ২০১৮ সালে ‘ব্ল্যাকমেইল’ সিনেমার আইটেম গানে পারফর্ম করতে দেখা যায় উর্মিলাকে।
এই নায়িকার স্বামী মোহসিন আখতার মীর পেশায় মডেল ও ব্যবসায়ী।