শ্যামলীতে ইয়াবা উদ্ধার, পিতা-পুত্রসহ গ্রেপ্তার ৩

রাজধানীর শ্যামলীতে এক অভিযানে মাদক ব্যবসায় জড়িত পিতা-পুত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন- একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র ইব্রাহীম সাগর (২২), তার বাবা আয়নাল হোসেন (৪৭) এবং মো. রাসেল (২৫)।

শেরেবাংলা নগর থানার এসআই তোফাজ্জল হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তারা ওই বাসায় অভিযান চালান।

তিনি বলেন, রাসেল যশোর থেকে ইয়াবার চালান এনে আয়নালের বাসায় পৌঁছে দেয়। সাগরের সহায়তায় পরে তা রাজধানীর বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়ার কথা ছিল।

সাগর ও তার বাবা শ্যামলীর ওই ভাড়া বাসা থেকেই ইয়াবার কারবার চালিয়ে আসছিলেন বলে পুলিশের দাবি।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে ১৫ হাজার ৩৭৫টি ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।