জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর ২২ দিন ধরে নিখোঁজ বলিউড অভিনেত্রী ও কংগ্রেস নেত্রী ঊর্মিলা মাতন্ডকরের শ্বশুর-শাশুড়ি। তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে ঊর্মিলার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে এনডিটিভি।
ঊর্মিলার ব্যবসায়ী স্বামী মহসিন আখতার মীরের বাবা-মা কাশ্মীরে বসবাস করেন। গত বৃহস্পতিবার ঊর্মিলা সংবাদিকদের বলেন, ‘তারা দুজনই ডায়াবেটিসের রোগী, তাদের উচ্চ রক্তচাপও আছে। আজ ২২ দিন ধরে আমি বা আমার স্বামী কেউই তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে বা কথা বলতে পারিনি। জানি না তাদের কাছে প্রয়োজনীয় ওষুধ পর্যন্ত আছে কি না, তারা দুজনই অসুস্থ।
তিনি আরও বলেন, ‘এটা শুধু সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করা নিয়ে প্রশ্ন নয়; বরং কতটা অমানবিকভাবে এটা করা হয়েছে, প্রশ্ন সেটা।’
৫ আগস্ট ভারত সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে সেখানে কেন্দ্র শাসন জারি করে।