বিভিন্ন গোয়েন্দা বাহিনী সম্মিলিতভাবে কাউকে গুম করলে তার খবর প্রধানমন্ত্রীও পান কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
তিনি বলেন, ‘আপনার গোয়েন্দা বাহিনী, ভারতীয় ‘র’ এবং ইসরায়েলি মোসাদ এরা যখন সম্মিলিতভাবে কাউকে গুম করে, তার সংবাদ আপনিও (প্রধানমন্ত্রী) মনে হয় পান না।’
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গুম হওয়া পরিবারদের সংগঠন ‘মায়ের ডাক’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জাফরুল্লাহ বলেন, ‘আল্লাহ যদি কাউকে গুম করেন, তার জানাজা পড়ার সুযোগ হয়। কিন্তু, আপনার গোয়েন্দা বাহিনী, ভারতীয় র এবং ইসরায়েলের মোসাদ যখন সম্মিলিতভাবে কাউকে গুম করে তার সংবাদ আপনিও পুরোপুরি জানেন কিনা তা আমার জানা নেই।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করতে যাচ্ছেন। সবচেয়ে ভালো উপহার হবে জাতির প্রতি, যারা গুম হয়েছে তাদের সবাইকে জীবিত অথবা মৃত ফেরত দেওয়া। তাহলে স্বজনরা আপনার জন্য দোয়া করবেন।’