মন্ত্রণালয়ের চেক জালিয়াতি

পরিদর্শকসহ দুই পুলিশ কারাগারে

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি চেক জালিয়াতি করতে গিয়ে রাজধানীতে ধরা পড়েছেন দুই পুলিশ কর্মকর্তা। তারা হলেন ঢাকা রেঞ্জ কার্যালয়ের পরিদর্শক মীর আবুল কালাম আজাদ (৫৫) ও এএসআই মোস্তাফিজুর রহমান (৩৮)। আজাদের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়ায়  মোস্তাফিজের বাড়ি টাঙ্গাইল সদরের বায়োটায়।

রমনা থানার ওসি মাইনুল ইসলাম জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলামের করা একটি মামলায় বৃহস্পতিবার আদালত তাদের কারাগারে পাঠিয়েছে।

মামলার বিবরণীতে বলা হয়, দুই আসামি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে একটি চেক (ক-৭৮৬৮২৯৩) সংগ্রহের পর স্বাক্ষর জাল করে ৩৫ লাখ টাকা উত্তোলনের জন্য ২৪ জুলাই সোনালী ব্যাংকের কাকরাইল শাখায় জমা দেয়। বাংলাদেশ ব্যাংক থেকে ২৮ জুলাই ফোন করে ওই চেকের স্বাক্ষরের সঙ্গে ব্যাংকে সংরক্ষিত নমুনা স্বাক্ষরের মিল না থাকার কথা মামলার বাদী শফিকুলকে জানানো হয়। পরে তিনি কাকরাইল শাখার ব্যবস্থাপককে ফোন করে চেকটির ‘ক্লিয়ারেন্স’ না দিতে অনুরোধ করেন। একই সঙ্গে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে জালিয়াতির বিষয়টি জানিয়ে বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের কাকরাইল শাখায় একটি চিঠি পাঠানো হয়।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, পরে অভ্যন্তরীণ তদন্তে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর দুই পুলিশ সদস্যকে আটক করে রমনা থানায় সোপর্দ করা হয়।