এনজিওদের হানিফের হুঁশিয়ারি

রোহিঙ্গাদের নিয়ে ব্যবসায়ী মনোভাব ছাড়ুন

রোহিঙ্গাদের নিয়ে এনজিওদের ব্যবসায়ী মনোভাব ত্যাগ করার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি রাজনীতি শুরু করেছে।’ গতকাল শুক্রবার সকালে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ অডিটরিয়ামে ইসলামিক ফাউন্ডেশনের শোক দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

হানিফ বলেন,  ‘আজকে রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটা গোটা বিশ্ববাসীর সমস্যা। রোহিঙ্গাদের নিয়ে এনজিওদের শুধু ব্যবসার মনোভাব ত্যাগ করে তাদের দ্রুত ফিরিয়ে দেওয়ার জন্য আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টির চেষ্টা করুন, এটাই আমরা চাই।’

রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি রাজনীতি শুরু করেছে দাবি করে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি রাজনীতি শুরু করেছে। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছিল মানবিক কারণে। আপনাদের প্রতি অনুরোধ থাকবে সরকারকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়া বন্ধ করুন, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। সরকার কোনো ফাঁদে পড়েনি, সরকার মানবতার কথা বিবেচনা করে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘স্বাধীনতাবিরোধী, অশুভ শক্তি, দুর্নীতিবাজ শক্তির একটা প্ল্যাটফর্ম বিএনপি। এই প্ল্যাটফর্মে থেকে তাদের লক্ষ্য একটাই, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করা। এরা বাংলাদেশের রাজনীতিতে ব্যর্থ। তাদের রাজনীতি নেই বলেই নানান অসংলগ্ন কথাবার্তা বলে নিজেদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে।’ সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মেজবাউর রহমান চৌধুরী।