এবার দিল্লিতে নাগরিক তালিকা করার দাবি বিজেপি নেতার

এবার দিল্লিতে নাগরিক তালিকা (এনআরসি) করার দাবি জানালেন বিজেপি নেতা মনোজ তিওয়ারি। আসামে এনআরসিতে ১৯ লাখ মানুষ বাদ পড়ার পর এমন দাবি করেন তিনি।

এনডিটিভি জানায়, জনসংখ্যার ভারে ভারতের রাজধানী শহর বিপজ্জনক হয়ে উঠছে বলে দিল্লির বিজেপি সভাপতি মনোজ তিওয়ারি জানান। এর জন্য অবৈধ অভিবাসীদের চিহ্নিত করার দাবি জানান এই বিজেপি নেতা।

এর আগেও পশ্চিমবঙ্গসহ ভারতের একাধিক রাজ্যে এনআরসি করার দাবি জানান বিজেপি নেতারা।

মনোজ তিওয়ারি বলেন, দিল্লির পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠছে, যার ফলে এখানে এনআরসি করার জরুরি হয়ে পড়েছে। দিল্লিতে আবাস গড়া অবৈধ অভিবাসীরা এখানে অধিক বিপজ্জনক। সময়মতো এখানেও আমরা এনআরসি করব।

এ দিকে তিওয়ারির সমালোচনা করে কংগ্রেসের নারী সংগঠন এক বিবৃতিতে জানায়, বিহারে জন্ম নেওয়া, উত্তরপ্রদেশে পড়াশোনা করা, মুম্বাইতে কাজ করা মনোজ তেওয়ারি একবার উত্তরপ্রদেশে নির্বাচন করে আবার আরেকবার দিল্লিতে নির্বাচন করে এখন দিল্লির অভিবাসীদের বের করে দেওয়ার কথা বলছে। তিনি নিজেই নিজের পরিচয় বদলে ফেলতে চাইছেন।