খেলাটা বাংলাদেশে একেবারেই নতুন। খুব বেশি দিন হয়নি খেলাটার প্রচলন। তবে আন্তর্জাতিক আসরে বেশ ক’বছর ধরেই অংশ নিয়ে আসছে বাংলাদেশ সেপাক টাকরো দল। এবার চতুর্থবারের মতো অংশ নিয়েছে খেলাটার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে। যেখানে দলগত ইভেন্টে ব্রোঞ্জ জয় নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
শনিবার আসরের সেমিফাইনালে ইরানের বিপক্ষে ২-০ সেটে হেরে যায় বাংলাদেশ। ফলে সোনার পদকের লড়াইয়ে ওঠা হয়নি। তবে সেমিফাইনালিস্ট হিসেবে নিশ্চিত করেছে ব্রোঞ্জ।
ওমানকে ২-১ সেটের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয় বাংলাদেশ। সেমিফাইনালে ইরানের বিপক্ষে ১ম রেগুতে ২১-৮ ও ২১-১৭ স্কোরে এবং ২য় রেগুতে ২১-১৫ ও ২১-১৬ স্কোরের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।
সেপাক টাপরো খেলাটা বাংলাদেশে নতুন হলেও বিশ্বে বেশ সমাদৃত। এশিয়ান গেমসেও রয়েছে এই ডিসিপ্লিন। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে এ নিয়ে চতুর্থবার অংশ নেওয়া বাংলাদেশ ২০১১ সালে সেপাক টাকরো বিশ্বকাপেও খেলেছিল।
সেপাক টাকরো খেলাটাকে বলা যেতে পারে ‘কিক ভলিবল।’ ভলিবলের মতো হলেও এটা খেলতে হয় পা দিয়ে। কোর্টের আকৃতি থাকে ব্যাডমিন্টনের মতো। মোট ৪টি ইভেন্টে হয় এই খেলা।