চলছে বিয়ের মৌসুম। এ মৌসুমে একের পর এক তারকার উইকেট পড়ে যাচ্ছে। সেই তালিকায় সর্বশেষ যুক্ত হলেন চিত্রনায়িকা দীপালি আক্তার তানিয়া। ৩০ আগস্ট জাঁকজমক আয়োজনে অনুষ্ঠিত হয় দীপালির বিয়ে।
গত বছরের ২০ডিসেম্বর রাতে অনাড়ম্বর আয়োজনে অনুষ্ঠিত হয়েছিল দীপালির বাগদান। ৯ মাস পর আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে হয়ে গেল বিয়ে। দীপালির বর পরিচালক ও প্রযোজক জায়েদ রেজওয়ান।
দীপালি জানান, ৩০ আগস্ট দুপুর ২টায় ছেলের ধানমন্ডির বাসায় বিয়ে সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলের দীপালি ও জায়েদের পরিবারের সদস্যরা। এর আগে গত ২৮ আগস্ট তাদের গায়েহলুদ অনুষ্ঠিত হয়েছে।
এদিকে ৩০ আগস্ট রাতে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় তাদের বিবাহোত্তর সংবর্ধনা। যেখানে পরিবারের সদস্য ও বন্ধুরা ছাড়াও অতিথি হয়ে এসেছিলেন সিনে ও টিভি জগতের মানুষেরা।
দেশ রূপান্তরকে দীপালি বলেন, ‘গত বছর হুট করেই বাগদান হয়ে যায়। পারিবারিকভাবেই সব আয়োজন করা হয়েছিল। তড়িঘড়ি হওয়ায় তখন তেমন কোনো অনুষ্ঠানের আয়োজন করিনি। তারপর অনুষ্ঠান করি করি করে করা হয়ে ওঠেনি। তাই গতকাল আমরা ধুমধামের সঙ্গেই বিয়েটা সেরে ফেললাম (হাসি)।’
রেজওয়ানের সঙ্গে পরিচয় ও পরিণয় সম্পর্কে দীপালি বলেন, ‘তার পরিচালনায় ‘আঘাত’ নামের একটি ওয়েব সিরিজে কাজ করতে গিয়ে পরিচয়। তবে তার সঙ্গে কোনো প্রেম-টেম ছিল না। তিনি সরাসরি বিয়ের প্রস্তাবই দিয়েছিলেন। আমি বলেছিলাম আমার পরিবারের কাছে প্রস্তাব নিয়ে যেতে। তারা রাজি থাকলে আমার কোনো আপত্তি নেই।’
তার মানে আগে থেকেই মনকলা খেয়ে বসেছিলেন? এমন প্রশ্নের উত্তরে দীপালি হেসে বলেন, ‘না। তা নয়। আমি আসলে বুঝে উঠতে পারিনি। তার প্রস্তাবে কি করব। পরে পরিবারও যখন রাজি হয়ে যায় তখন আর আপত্তি করিনি।’
দিপালী আক্তার তানিয়ার শুরুটা হয় ছোটপর্দা দিয়ে।‘রমিজের আয়না’, ‘বৈশাখ থেকে শ্রাবণ’, ‘কাননে কুসুম কলি’, ‘পাটি গণিত’, ‘ইট কাঁচের খাঁচা’, ‘হৈ হৈ রৈ রৈ’, ‘ঘোড়ার ডিম’, ‘সাত কাহন’ নামের ধারাবাহিক নাটকসহ ৪০টির বেশি নাটকে অভিনয় করেছেন। ‘ব্ল্যাক মেইল’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় নাম লেখান তিনি। এরপর ‘বাজে ছেলে : দ্য লোফার’, ‘আমি তোমার হতে চাই’ সিনেমায় কাজ করেন।