বার্সেলোনার হয়ে নিজের দ্বিতীয় ম্যাচেই গোল করলেন আনসু ফাতি। কাতালান ক্লাবটির হয়ে লা লিগায় সবচেয়ে কম বয়সে গোল করার কীর্তি লেখা হলো তার নামের পাশে। কিন্তু ফাতির এই মাইলফলকের ম্যাচে পয়েন্ট খুইয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
শনিবার ওসাসুনার বিপক্ষে ২-২ গোলে ড্র করে আর্নেস্তো ভালভারদের শিষ্যরা। ম্যাচের শুরুতে বার্সার সাবেক কোচ লুইস এনরিকের শিশু কন্যার মৃত্যুর জন্য ১ মিনিট নীরবতা পালন করে দুই দল।
চোট গ্রস্ত লিওনেল মেসি, লুইস সুয়ারেস ও ওসমানে ডেম্বেলেকে ছাড়াই খেলতে নেমেছিল বার্সা। প্রতিপক্ষের মাঠে এদিন মাত্র ৭ মিনিটেই পিছিয়ে পড়ে তারা। গোল করেন দলটির রোবার্তো তোরেস।
দ্বিতীয়ার্ধে বদলি নেমে দলকে সমতা এনে দেন ফাতি। ৫১ মিনিটে কার্লোস পেরেজের এসিস্ট থেকে গোলটি করেন তিনি। বার্সার হয়ে লিগে সর্বকনিষ্ঠ ও সব মিলে লা লিগায় তৃতীয় কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোলের কীর্তি তার।
২০১২ সাল থেকে বার্সার বয়স ভিত্তিক একাডেমিতে গড়ে উঠেছেন ফাতি। গিনি বিসাউয়ে জন্ম নেওয়া এই তারকা ৬ বছর বয়সে পাড়ি দেন স্পেনে। এ মৌসুমে নাম লেখান বার্সার সিনিয়র দলে।
৬৪ মিনিটে আর্থার ২-১ এ এগিয়ে দেন বার্সাকে। কিন্তু সেই লিড ধরে রাখতে পারেনি দলটি। ৮১ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমায় ওসাসুনা। স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোল আদায় করেন তোরেস। ফলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় স্প্যানিশ লিগের বর্তমান চ্যাম্পিয়নদের।
নিজেদের প্রথম ম্যাচেই হেরে বসেছিল বার্সা। দ্বিতীয় ম্যাচে জয় পেলেও ফের পয়েন্ট হারাল। ৩ ম্যাচে ৪ পয়েন্ট তাদের। ২০০৮-০৯ মৌসুমের পর লিগে এত বাজে শুরু হলো দলটির। সেবার পেপ গার্দিওলা ছিলেন বার্সার ডাগ আউটে।
গেল বছর স্পেনের দ্বিতীয় বিভাগে চ্যাম্পিয়ন হয়ে লা লিগায় ওঠে এসেছে ওসাসুনা। এটি তাদের দ্বিতীয় ড্র। ৩ ম্যাচে ১ জয় ও ২ ড্র’য়ে মোট ৫ পয়েন্ট তাদের।