বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনগণের প্রতিনিধি না থাকায় বর্তমান সরকার রোহিঙ্গা সংকট সমাধান করতে পারছে না।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণসভায় তিনি এ কথা বলেন।
প্রেস ক্লাবের জহুর আহমেদ হলে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভা আয়োজন করা হয়।
মির্জা ফখরুল সরকারকে উদ্দেশ করে বলেন, একটি নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় অবিলম্বে নিরপেক্ষ নির্বাচন দিন, জনগণের সরকার প্রতিষ্ঠা করুন। জনগণের সংসদ প্রতিষ্ঠা করুন। জনগণের সংসদ ছাড়া আপনারা কোনোদিন রোহিঙ্গা সংকট সমাধান করতে পারবেন না।
তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে সরকারকে রোহিঙ্গা ইস্যুতে একটা জাতীয় কনভেনশন ডাকার জন্য বলা হয়েছে। সব দলকে এক করে বাংলাদেশ যে রোহিঙ্গা ইস্যুতে একমত সেটাকে প্রকাশ করা হোক। না এটা তাদের ভালো লাগে না। এরা কখনো জাতীয় ঐক্যে বিশ্বাস করে না। তারা মনে করে একাই সব করতে পারবে। ১৯৭৫ সালেও একদলীয় শাসন ব্যবস্থা করেছে। আবারও তারা সেদিকেই যেতে চায়।
কাজী জাফর আহমদের স্মৃতিচারণ করে বিএনপি মহাসচিব বলেন, দেশে এখন যে অবস্থা সৃষ্টি হয়েছে এ অবস্থায় কাজী জাফর আহমদকে খুব দরকার ছিল। তিনি রাজনীতি খুব ভালো বুঝতেন। সৃজনশীলতার মধ্যে তিনি অনেক নতুন কিছু চিন্তা করতে পারতেন। কৌশল, কর্মসূচি, সংগঠনের দিক থেকে তার মধ্যে সৃজনশীলতা ছিল।
আয়োজক সংগঠনের সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির (জাফর) সভাপতি মোস্তফা জামাল হায়দার, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বাংলাদেশ পিপলস পার্টির সভাপতি রিটা রহমান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব নঈম জাহাঙ্গীর প্রমুখ।