কথা কাটাকাটির জেরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০

মাদারীপুরের রাজৈর উপজেলার চানপট্টি গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। রবিবার সকালে দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষ হয়। তারা একে অপরের বাড়িঘরে দফায় দফায় ভাঙচুর ও লুটপাট চালায়।

এলাকাবাসী ও পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই এলাকার মোকাই মাতুব্বর পক্ষ ও দবির মাতুব্বর পক্ষের লোকজনের মধ্যে শনিবার বিকেলে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনার জের ধরে রবিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষে উভয় পক্ষের ৬/৮টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট হয়। এসময় দুই পক্ষের প্রায় ৩০ জন আহত হয়েছে। আহতদের মো. জাহাঙ্গীর (৪৫), পারভেজ মাতুব্বর (২৭), অদুদ মাতুব্বর (৪০), শাহিন মাতুব্বর (৩২) গিয়াস উদ্দিন শেখ ও আফজাল মাতুব্বকে (৪৫)  প্রথমে রাজৈর ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত লাবলু (৩৮), শাহেব আলী (৫৫), ইসমাইল হাওলাদার (৬৫), মোকলেচ খালাসী (৪৫), পায়েল শেখ (৩০), মো. রাজিব (২৫), সিদ্দিক শেখ (৪০), সরোয়ার মুন্সী ও জেসমিন আক্তারকে (২৬) রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় থমথমে বিরাজ করছে।

জেসমিন আক্তার বলেন, আমি ফেরাতে গিয়েছিলাম আমাকেও মারধর করছে। সামান্য কথা কাটাকাটি নিয়ে কেন বাড়িঘর, মানুষের ক্ষতি করবে।

আহত লাবলু বলেন, ‘আমি ঘটনার সঙ্গে জড়িত ছিলাম না। হঠাৎ সকালে আমার বাড়িতে এসে বাড়িঘর ভাঙচুর শুরু করে বাধা দিলে আমাকেও মারধর করে।

মোকাই মাতুব্বর ও দবির মাতুব্বরের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

রাজৈর থানার ওসি মো. শাহজাহান বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।