প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি করায়’ জেলার রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় স্কুলশিক্ষক শরিফুল ইসলামকে (৫৬) পিটুনি দিয়েছে এলাকাবাসী। ঘুড়কা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাকির আকন্দ জানিয়েছেন, গত শনিবার সন্ধ্যায় শিক্ষক শরিফুল জঞ্জালীপাড়া গ্রামের বটতলা এলাকায় লোকজনের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় এলাকাবাসী তাকে আটক করে ধোলাই দেয়।
শরিফুল চকগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও একই গ্রামের মৃত সদর উদ্দিনের ছেলে। কটূক্তির বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, ‘পূর্বশত্রুতার জেরে ৫-৬ জন ব্যক্তি তাকে গাছের সঙ্গে বেঁধে মারপিট করেছে।’ এ বিষয়ে সলঙ্গা থানার ওসি তাজুল হুদা জানান, ‘জঞ্জালীপাড়া গ্রামে এক স্কুলশিক্ষককে মারপিটের বিষয় শুনেছি। তবে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির বিষয়টি আমার জানা নেই।’ এ বিষয়ে কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।