আমি ভুল করেছি, তা এখন বুঝতে পারছি: তাহেরী

ওয়াজের ভেতরে ব্যঙ্গাত্মক বাক্য বা শব্দ ব্যবহার করা উচিত নয় বলে মন্তব্য করেছেন আলোচিত ইসলামি বক্তা ও ‘দাওয়াতে ঈমানী বাংলাদেশের’ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি মুহম্মদ গিয়াস উদ্দিন আত তাহেরী।

ওয়াজে ইসলামকে ব্যঙ্গ করার অভিযোগে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মামলার পরিপ্রেক্ষিতে রবিবার একটি সংবাদমাধ্যমকে তিনি এ কথা বলেন। একই দিনে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আস সামছ জগলুল হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য মো. ইব্রাহিম খলিল।

মামলার বাদী তার অভিযোগে বলেন, ওয়াজ মাহফিলের মধ্যে নাচ-গান সমর্থন করে না ধর্মীয় কোনো গ্রন্থ। অথচ আসামি তা করেন। তার বক্তব্যে ইসলাম ধর্মকে ব্যঙ্গ ও অবমাননা করা হয়। ‘বসেন বসেন, বইসা যান’, ‘ঢেলে দেই’ ধরনের বাক্য উচ্চারণ করেন আসামি, যা সম্পূর্ণ অশ্লীল। তার প্রচারিত ভিডিওতে দেখা যায়, তিনি ওয়াজের মধ্যে নাচ-গান করেন, ভক্তদের নিয়ে জিকিরের নামে নাচ-গান করেন।

অভিযোগে আরও বলা হয়, আসামির এসব কর্মকাণ্ড ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে ইসলাম ধর্মীয় অনুভূতি ও ধর্মীয় মূল্যবোধের ওপর আঘাত সৃষ্টি করা হচ্ছে।

মামলার বিষয়ে এখনো কিছু জানেন না উল্লেখ করে তাহেরী বলেন, ওয়াজের ভেতরে এই শব্দগুলো ব্যবহার করা উচিত না। একটা শব্দ স্লিপ অব ট্যাং হয়ে হয়তো ব্যবহার করে ফেলেছি। আমি হয়তো ঠিক করিনি।

তবে এই শব্দগুলো ইসলামকে নিয়ে ব্যঙ্গের পর্যায়ে পড়ে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করে তিনি আরও বলেন, ওয়াজের সময় আমি আসলে প্রেক্ষাপট অনুযায়ী কথাগুলো বলেছি। পোলাপান সামনে ছিল, আমি চা খাচ্ছি। তখন আমি চা ঢেলে দেওয়ার কথা বলেছি। আমি কখনো ভাবিনি এসব ব্যাপার এই পর্যায় পর্যন্ত যাবে। ভাবলে এগুলো কখনো বলতাম না।

‘বসেন বসেন বইসা যান’ এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ওয়াজ করার সময় কেউ কেউ সামনে দাঁড়িয়ে যায়। তখন আমি কথাগুলো মিলিয়ে মিলিয়ে বলেছি।

এখন থেকে ওয়াজে আর এসব শব্দ ব্যবহার করবেন না উল্লেখ করে তাহেরী বলেন, ‘আমি ভুল করেছি। তা এখন বুঝতে পারছি’।

তিনি আরও বলেন, আমি হয়ত আলোচনায় উঠে এসেছি বলে কথাগুলো নিয়ে বেশি আলোচনা-সমালোচনা হচ্ছে। তাই মামলাও খেয়েছি। কিন্তু আমি এ রকম শত শত ভিডিও দেখাতে পারব যা কোরআন এবং সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক। ভুল করে অনেকেই অনেক কথা বলে তাদের বিরুদ্ধে তো মামলা হচ্ছে না। এটাই আমার আক্ষেপ। আর এটা হয়তো আমার তকদিরে লেখা ছিল তাই হয়েছে। এটাই আমার জীবনের একটি বাস্তবতা।

সূত্র: এনটিভি বিডি ডটকম