গুজরাট থেকে হেঁটেই মুম্বাই পৌঁছালেন অক্ষয় ভক্ত

নিজের স্বপ্নের তারকার দেখা করার ইচ্ছা কার না থাকে। তারকার সঙ্গে একবার দেখা করার উদ্দেশে নানারকম কাণ্ড করে বসেন কোনও কোনও ভক্ত।

এমনই এক ফ্যান প্রায় ৯০০ কিলোমিটার হেঁটে গুজরাট থেকে মুম্বাই চলে এলেন। উদ্দেশ্য একটাই, নিজের স্বপ্নের তারকা অক্ষয় কুমারের সঙ্গে একবার দেখা করা। স্বপ্নপূরণ হলও। ফ্যানের সঙ্গে নিজেই সেলফি তুললেন অক্ষয়।

রবিবার নিজের টুইটারে তার এই ফ্যানের গল্প শেয়ার করলেন অক্ষয়। সেখানে ফ্যানের সঙ্গে কথোপকথন করতে দেখা গেল তাকে। সেই কথোপকথনেই প্রভাত জানল, গত ১৮ দিন ধরে সমানে হেটে চলেছে সে। গুজরাটের দ্বারকা থেকে প্রায় ৯০০ কিলোমিটার হেঁটে প্রিয় তারকার সঙ্গে দেখা করতে চলে এসেছে সে।

তাই শুনে অক্ষয় জানতে চাইলেন, ‌কেন করলে এমন? উত্তরে হাসিমুখে প্রভাত জানাল, ছোট থেকেই আপনার ভক্ত। আপনার বিষয়ে সব জানি। আপনার মতোই ফিটনেস ভালবাসি। তাই এতটা হেঁটেছি।

 

অক্ষয়ের সঙ্গে দেখা করার পাশাপাশি সকলের মধ্যে শরীরচর্চার বিষয়ে সচেতনতা বাড়ানোও তার উদ্দেশ্য ছিল বলে জানালেন প্রভাত।

রবিবার আমি বাড়ি থাকব কী করে জানলে? প্রশ্ন করলেন অক্ষয়। আপনার ফ্যান আমি, সব খবর রাখি হাসিমুখে জবাব প্রভাতের।

 

ভিডিোটি পোস্ট করে টুইটারে অক্ষয় লিখলেন, যুবসমাজ যদি তাঁদের লক্ষ্যে পৌঁছতে এমন পরিকল্পনা ও দৃঢ়তার সঙ্গে কাজ করে, তাহলে আমাদের কেউ আটকাতে পারবে না।

ফ্যানের সঙ্গে সেলফিও পোস্ট করলেন অক্ষয়। সেখানে লিখলেন,সবার কাছে এত ভালবাসা পেয়ে আমি ধন্য। কিন্তু কেউ দয়া করে এমন করবেন না। আপনাদের সময় ও শক্তি নিজেদের জীবনের উন্নতিতে কাজে লাগালেই আমি সবচেয়ে খুশি হব।