দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল রবিবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমী উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানিয়ে বলেন, সরকারের যথাযথ পদক্ষেপের ফলেই প্রতিটি সম্প্রদায়ের ব্যক্তিরা সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালনসহ অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করছেন।
মন্ত্রী বলেন, সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখতে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিভিন্নমুখী কার্যক্রম ইতিমধ্যে দেশে-বিদেশে ব্যাপক হারে প্রশংসিত হয়েছে। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, শ্রীকৃষ্ণ ছিলেন পরোপকারী, প্রেমিক, রাজনীতিক ও সমাজ সংস্কারক। সমাজ থেকে অন্যায়-অত্যাচার, নিপীড়ন ও হানাহানি দূর করে মানুষে মানুষে অকৃত্রিম ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিল শ্রীকৃষ্ণের মূল দর্শন।