কাউকে রাষ্ট্রহীন করা থেকে বিরত থাকতে ভারতের প্রতি জাতিসংঘের আহ্বান

ভারতের আসাম রাজ্যের বিতর্কিত নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্রান্ডি।

কেউ নাগরিকত্ব বঞ্চিত হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে ভারত সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।

রবিবার এক বিবৃতিতে গ্রান্ডি বলেন, এনআরসি থেকে বাদ পড়া ১৯ লাখ মানুষের অবস্থা চূড়ান্ত পর্যায়ে কী হবে সেটা নিয়ে এখনই কোনো মন্তব্য নয়। তবে ইউএনএইচসিআর উদ্বিগ্ন; কারণ আরেকটি জাতীয়তা না পেলে এসব মানুষ রাষ্ট্রহীন হওয়ার ঝুঁকিতে পড়বে।

তিনি বলেন, ‘কোনো প্রক্রিয়া যদি বিপুলসংখ্যক মানুষের জাতীয়তা কেড়ে নেয়, সেটা হবে রাষ্ট্রহীন মানুষের সংখ্যা কমাতে বৈশ্বিক প্রচেষ্টার প্রতি মারাত্মক আঘাত।’

এনআরসির বিষয়টি উল্লেখ্য করে গ্রান্ডি বলেন, ‘এই উদ্যোগের ফলে যাতে একজন ব্যক্তিও রাষ্ট্রহীন হয়ে না পড়ে সেটা নিশ্চিত করতে আমি ভারত সরকারের প্রতি আবেদন জানাচ্ছি।’

আসামের হালনাগাদ এনআরসি এবং অন্য রাজ্যগুলোতে একই ধরনের প্রক্রিয়া নেওয়া হলে যাতে কেউ রাষ্ট্রহীন হওয়ার ঝুঁকিতে না পড়ে সে ব্যবস্থা নিতে এবং কাউকে যথাযথ প্রক্রিয়ায় যাচাই-বাছাই ছাড়া আটক কিংবা প্রত্যাবাসন করা থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছে ইউএনএইচসিআর।

গত ৩১ আগস্ট চূড়ান্ত এনআরসি প্রকাশ করে আসাম। ওই তালিকায় ঠাঁই হয়েছে ৩ কোটি ১১ লাখ লোকের। আর তালিকা থেকে বাদ পড়েছে ১৯ লাখ ৬ হাজার মানুষ রাষ্ট্রহীন হওয়ার ঝুঁকিতে পড়েছে।