‘আফগান রহস্য’ জহির

রশিদ খান, মোহাম্মদ নবী, কায়েস আহমেদকে নিয়ে ভাবনা ছিল। সেই তালিকায় এবার যোগ দিলেন জহির খান। আফগানিস্তানের এই চায়নাম্যান বোলার সোমবার বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৫ উইকেট তুলে নিয়েছেন। দেশের হয়ে এর আগে একটি মাত্র ওয়ানডে খেলেছেন ২০ বছর বয়সী। প্রস্তুতি ম্যাচে জানিয়ে দিলেন টেস্ট অভিষেকের জন্য তৈরি তিনি।

একই সঙ্গে বাংলাদেশের জন্য হয়ে দাঁড়ালেন আলাদা ভাবনার কারণও। চায়নাম্যান স্পিনার, অথচ তার রান আপ পেসারদের মতো। বেশ খানিকটা দৌড়ে এসে যেভাবে বল ছোড়েন, তা এক রহস্যই বটে।

সোমবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষে জহির যখন কথা বলছিলেন, তার কণ্ঠেও ছিল এদিনের পারফরম্যান্সের ছোঁয়া। আত্মবিশ্বাসী কণ্ঠে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানানোর কথা জানিয়েছে দিলেন তিনি।

আফগানদের বিপক্ষে টেস্টের জন্য চূড়ান্ত স্কোয়াডে থাকা খেলোয়াড়দের বাইরে রেখেই গঠন করা হয়েছিল বিসিবি একাদশ। তবে ছিলেন টেস্ট খেলা বেশ ক’জন তারকা। যাদের মধ্যে নাঈম ইসলাম, নুরুল হাসান হোসানের মতো তারকার উইকেট পেয়েছেন জহির।

সেই প্রসঙ্গ টেনে এই আফগান বলছিলেন, ‘এখানে আমরা যে দলটির সঙ্গে খেললাম, সেটি বাংলাদেশের মধ্যে দ্বিতীয় সেরা দল। এই দলে আন্তর্জাতিক ম্যাচ খেলা খেলোয়াড়ও ছিল। এমন একটা প্র্যাকটিস ম্যাচে আমি বৈচিত্র্য দিয়ে বোলিং করতে চেয়েছিলাম। আমি খুশি যে টেস্টের আগে এই ম্যাচে পারফর্ম করতে পেরেছি।’

টেস্ট খেলার রোমাঞ্চের কথাও আড়াল করলেন না এই নবীন, ‘আমি খুবই রোমাঞ্চিত। বাংলাদেশ দুনিয়ার মধ্যে ৮ নম্বর দল (সর্বশেষ বিশ্বকাপের অবস্থান)। এখানে প্র্যাকটিস ম্যাচ খেললাম। ম্যাচে পারফর্ম করতে চেয়েছিলাম। ভালোই করেছি। টেস্টে খেলার জন্য রোমাঞ্চিত আমি।’

জহির অবশ্য বাংলাদেশের দর্শকদের জন্য পরিচিত নামই। গেল বিপিএলেই খেলে গেছেন খুলনা টাইটান্সে। লম্বা রানআপে বল করা প্রসঙ্গে জহির জানালেন, ‘ছোটকাল থেকেই আমি এমন লম্বা রান আপে বল করে যাচ্ছি। জোরের ওপর বল করতেও আমার সমস্যা হয় না। আসলে আমি খুব নির্ভারভাবেই বল করতে পারি।’

দল হিসেবে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে তৈরি বলেও জানিয়ে দিলেন রহস্যময় এই বোলার, ‘আমাদের দলে স্পিন বোলাররা খুব ভালো। আমাদের আছে এক নম্বর বোলার রশিদ খান। তার সঙ্গে আছেন মোহাম্মদ নবী। আমিও আছি। আমার বিশ্বাস আমরা স্পিনে খুব ভালো করব বাংলাদেশের বিপক্ষে। আর লোকে আমাদের খেলা খুব উপভোগ করবে।’