যুক্তরাষ্ট্রকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ। সোমবার নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে সালমা খাতুনের দল। বৃষ্টি আইনে ৬ রানে হারিয়েছে পাপুয়া নিউগিনিকে।
ডান্ডির ফোর্থ হিলে বৃষ্টি এদিন কঠিন করে দিয়েছিল বাংলাদেশের কাজ। কার্টেল ওভারের ম্যাচে জয়ের জন্য শেষ ওভারে ১১ রান প্রয়োজন ছিল পাপুয়া নিউগিনির। তবে নাহিদা আক্তার সেই ওভারে ২ উইকেট তুলে বাংলাদেশকে উপহার দেন দারুণ জয়।
এই ম্যাচটি মূলত শনিবার হওয়ার কথা ছিল। কিন্তু সেদিন বৃষ্টিতে ম্যাচটি হতে পারেনি। গড়ায় রিজার্ভ ডেতে। এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের মেয়েরা ১৬.৩ ওভারে ৮ উইকেটে ১০৩ রান করার পর বৃষ্টি হানা দেয়। বৃষ্টি থামার পর ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে পাপুয়া নিউগিনির জন্য লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ৫৯। সেই লক্ষ্যে বেশ ভালোভাবেই এগিয়ে বাংলাদেশকে ভয় ধরিয়ে দিয়েছিল পাপুয়া নিউগিনি।
শেষ দুই ওভারে ২৫ রান প্রয়োজন ছিল দলটির। অধিনায়ক সালমার করা সপ্তম ওভারে ১৪ রান তুলে নিয়ে বাংলাদেশকে ভয় ধরিয়ে দেয় পাপুয়া নিউগিনির মেয়েরা। তবে নাহিদা বোলিংয়ে এসে দ্বিতীয় বলেই উইকেট তুলে নেন। চতুর্থ ওভারে নেন আরেকটি। ব্যয় করেন মাত্র ৪ রান। তাতে ৬ রানে জয় নিশ্চিত হয় মেয়েদের।
পাপুয়া নিউগিনির পক্ষে সর্বোচ্চ ১২ রান করেন তানিয়া রুমা। নাওয়ানি ভারি ও কোনিও ওলার ব্যাট থেকে আসে ১০ রান করে। ম্যাচসেরা নাহিদা নেন ৩ উইকেট। ২ উইকেট নেন রিতু মনি।
এর আগে বাংলাদেশের ব্যাটিংটা মোটেও ভালো ছিল না। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে মেয়েরা। সাত নম্বরে নেমে ফাহিমা খাতুন দলের হাল ধরেন। অপরাজিত ছিলেন ৩২ রানে।
ওপেনার সানজিদা ইসলাম ১৯ ও ফারজানা হক ১১ করেন। পাপুয়া নিউগিনির পক্ষে সর্বাধিক ৩ উইকেট নেন শিবোনা জিমি।
দুই ম্যাচের দুটিতেই জিতে ‘এ’ গ্রুপে সবচেয়ে সফল বাংলাদেশ। তবে এখনো সেমিফাইনাল নিশ্চিত নয় তাদের। অপেক্ষা করতে হবে শেষ ম্যাচ পর্যন্ত। দুটি করে ম্যাচ শেষে বাংলাদেশের পূর্ণ ৪ পয়েন্ট। স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনির পয়েন্ট ২ করে।
দুই ম্যাচে দুটিতেই হেরে বিদায় নিশ্চিত হয়ে সংযুক্ত আরব আমিরাতের। মঙ্গলবার নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আর পাপুয়া নিউগিনি খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনি দুই দলেরই এখনো সুযোগ আছে সেমিফাইনালে যাওয়ার। ২টি করে ম্যাচ খেলে একটি করে ম্যাচ জিতেছে তারা।