চাকরিতে যোগদানে হাইকোর্টের আদেশপত্র নিয়ে গতকাল সোমবার সকালে মাগুরা টেক্সটাইল মিলের বাধ্যতামূলক অবসর দেওয়া ২৩ শ্রমিক চাকরিতে যোগদান করতে গেলে গেট থেকে তাদের ফেরত দেওয়া হয়েছে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা হাইকোর্টের নিদের্শনা মেনে নেওয়ার দাবিতে মিলের গেটে মানববন্ধন ও সমাবেশ করেন।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত শ্রমিক নূর মোহাম্মদ খান, ফারুকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আজর ফকিরসহ অন্যরা।
বক্তারা বলেন, ১৯৯৯ সালে তাদের ষড়যন্ত্রমূলকভাবে এ মিল থেকে জোর করে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। চাকরি ফিরে পেতে তারা হাইকোর্টে মামলা করেন। প্রায় ২০ বছর মামলা চালানোর পর সম্প্রতি হাইকোর্টের বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি আশিষ রঞ্জন দাস এক রায়ে ওই ২৩ শ্রমিককে কাজে যোগদানের ব্যবস্থা নিতে কর্র্তৃপক্ষকে আদেশ দেন। ওই আদেশ মোতাবেক গতকাল তারা মিলে যোগদান করতে গেলে কর্র্তৃপক্ষ মিলের মূল গেট বন্ধ করে দিয়ে তাদের ভেতরে ঢুকতে বাধা দেন। এ ঘটনায় তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান।
এ ব্যাপারে মিল ব্যবস্থাপক নারায়ণ চন্দ্র সাহা জানান, করণীয় জানতে ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতেই শ্রমিকদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি বলে তিনি জানান।