তাজিয়ায় ঢোল বাজানো নিয়ে তর্কের জেরে খুন

মহররমের তাজিয়া মিছিলে ঢোল বাজানোর প্রস্তুতিকে কেন্দ্র করে রাজধানীর লালবাগে কিশোর রনি হাসান (১৬) খুন হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হত্যায় জড়িত সন্দেহে রনির বন্ধু ৮ কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।

লালবাগ থানার ওসি একেএম আশরাফ উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, লালবাগের শহীদনগর এলাকায় শনিবার রাতে ছুরিকাঘাতে রনি হাসান খুন হয়।

এতে জড়িত সন্দেহে একই এলাকার বাসিন্দা তুহিন (১৭), রিয়াজ (১৭), ইয়াকুব (১৬), রাইয়ান (১৭), হাসান (১৭), জীবন (১৭), সাজ্জাদ (১৯) ও জিসান ওরফে ছটুকে (১৬) রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তি মতে তুহিনের কাছ থেকে হত্যায় ব্যবহৃত রক্তমাখা চাকু উদ্ধার করা হয়েছে।

ওসি আরও বলেন, শনিবার রাত ৯টার দিকে রনি শহীদনগরের বাসা থেকে বের হয়ে আতশখানা লেনে বন্ধুদের সঙ্গে দেখা করতে যায়। তারা পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে অংশ নিতে ঢোল বাজানোর প্রস্তুতি নিয়ে আলাপ করে। কথাবার্তার একপর্যায়ে রনির সঙ্গে তুহিন, রিয়াজ ও অন্য কয়েকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওইদিন রাত সোয়া ১১টার দিকে আসামিরা রনিকে ধাওয়া করে। এ সময় পড়ে গেলে তারা রনিকে এলোপাতাড়ি কিল-ঘুসি-লাথি মারতে থাকে। একপর্যায়ে তুহিন রনির বুকের বাম পাশে চাকু দিয়ে আঘাত করলে সে গুরুতর জখম হয়।

খবর পেয়ে লালবাগ থানা পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় রনিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেকের ময়নাতদন্তকারী চিকিৎসক জানান, ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে রনি মারা গেছে।

হত্যার ঘটনায় গত রবিবার রনির বাবা বাদী হয়ে লালবাগ থানায় তুহিনসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ তুহিনকে সোমবার সকালে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যে ও ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে কেরানীগঞ্জ, সাভার, দোহার এবং মুন্সীগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে অপর সাত আসামিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।