সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় ট্রলি শ্রমিকের মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরে ট্রাক ধাক্কায় বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে ট্রলি শ্রমিক ফারুক হোসেনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সৈয়দপুরের নিয়ামতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক উপজেলার কামারপুকুরই ইউনিয়নের ফকিরপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের পাশে একটি ট্রলিতে বালু লোড করছিলেন শ্রমিক ফারুক হোসেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক ট্রলিটিতে ধাক্কা দেয়। এতে চাপা পড়ে তার বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা আহত ফারুককে উদ্ধার করে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পর পরই ট্রাক রেখে চালক ও তার সহকারী পালিয়ে যায়। ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শ্রমিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহতের পরিবার চাইলে মামলা গ্রহণ করা হবে।’