অস্ট্রেলিয়ার রান মেশিন স্টিভেন স্মিথ টপকে গেলেন বিরাট কোহলিকে। টেস্ট র্যাঙ্কিংয়ে ফের এক নম্বর জায়গাটা নিজের দখলে নিলেন সাবেক অজি অধিনায়ক। জ্যামাইকা টেস্টের পর আপডেট করা হয়েছে টেস্ট র্যাঙ্কিং। যেখানে এক ধাপ নিচে নেমে গেছেন কোহলি।
জ্যামাইকা টেস্ট জিতে ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হিসেবে নিজের নাম লেখান কোহলি। দেশটির অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টেস্ট জয়ের রেকর্ড এখন তার। তবে ব্যাট হাতে প্রথম ইনিংসে ৭৬ রানের ইনিংস খেললেও দ্বিতীয় ইনিংসে শূন্য রানেই ফেরেন ভারত অধিনায়ক।
তাতেই পেছনে পড়ে যেতে হয়েছে তাকে। ৯০৩ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে কোহলি। স্মিথের মাত্র এক রেটিং পয়েন্ট বেশি- ৯০৪।
২০১৮ সালে বল ট্যাম্পারিং কাণ্ডে এক বছরের জন্য নিষিদ্ধ হন স্মিথ। নিষেধাজ্ঞা শেষে অ্যাশেজ দিয়েই ফেরেন সাদা পোশাকে। যেখানে দুর্দান্ত ব্যাট করছিলেন। এজবাস্টনে প্রত্যাবর্তন টেস্টে দুই ইনিংসেই তুলে নেন সেঞ্চুরি।
এরপর লর্ডসে প্রথম ইনিংসে খেলেন ৯২ রানের ইনিংস। তবে জোফরা আর্চারের বাউন্সারে আহত হওয়ায় লর্ডসে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি। খেলতে পারেননি হেডিংলিতে সিরিজের তৃতীয় টেস্টেও।
তবে প্রত্যাবর্তনের পর ওই পারফরম্যান্সেই কোহলির ঘাড়ে গরম নিশ্বাস ফেলছিলেন স্মিথ। শেষ পর্যন্ত ভারত অধিনায়ককে টপকে গেলেন তিনি। ২০১৫ সালের ডিসেম্বর থেকে ২০১৮ সালের আগস্ট পর্যন্ত টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন স্মিথ। এরপর নিষেধজ্ঞায় ম্যাচ খেলতে না পারায় শীর্ষ স্থান হারিয়েছিলেন। ঠিক এক বছর পর ফিরে পেলেন হারানো স্থান।
অবশ্য অক্টোবরেই স্মিথকে ফের পেছনে ফেলার সুযোগ পাবেন কোহলি। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে তাদের। তবে অ্যাশজে আরো দুই টেস্ট বাকি। যেখানে স্মিথও সুযোগ পাবেন নিজের রেটিং পয়েন্ট বাড়ানোর।
সব মিলে এই দুজনের মধ্যে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানের লড়াইটা আবার জমে উঠল। কে সেরা এই বিতর্কও কি নতুন মাত্রা পেল না?