সিলেবাসের বাইরে ছিলেন তিনি। কিন্তু টাইগাররা আফগানিস্তানের বিপক্ষে টেস্ট পরীক্ষায় বসার আগে হঠাৎই আলোচনায় উঠেছেন। তিনি ২০ বছর বয়সী চায়নাম্যান বোলার জহির খান। বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৫ উইকেট নিয়ে তার এই আলোয় আসা।
একটি মাত্র ওয়ানডে খেলেছেন। তাই জহির সম্পর্কে খুব বেশি জানা নেই করো। চিন্তাটা এখানেই। তবে এই বোলার বিপিএলে খেলে গেছেন। খুলনা টাইটান্সের হয়ে খেলা তার কিছু ফুটেজও বাংলাদেশের ড্রেসিং রুমে চলছে। জহিরকে তাই আতঙ্ক মানতে নারাজ বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো। তবে এই দক্ষিণ আফ্রিকান কোচ টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা জহিরের জন্য শুভকামনা জানিয়ে রাখছেন।
যদিও তার ছেলেরা জহিরকে ভালোভাবে সামলাতে পারবে বলেই বিশ্বাস করেন ডমিঙ্গো, ‘আমাদের ছেলেরা বিপিএলে তার সঙ্গে খেলেছে। আমরা কিছু ফুটেজ দেখেছি তার। দিন শেষে প্রস্তুতি ম্যাচ দেখে আপনি সব ধারণা নিতে পারেন না। টেস্ট ম্যাচ সম্পূর্ণ ভিন্ন একটা খেলা। শুভ কামনা থাকবে তার (জহির) জন্য। আমরা সত্যিই ভালোভাবে তৈরি। যে ছেলেরা তার বিপক্ষে খেলেছে তারা অভিজ্ঞতা শেয়ার করেছে। তাকে সামলাতে পারব বলে আমরা আত্মবিশ্বাসী।’
আফগানিস্তানের স্পিন আক্রমণ যে হুমকি হতে পারে সেটিও মেনে নিচ্ছেন ডমিঙ্গো। একই সঙ্গে নিজেদের প্রস্তুতির কথা মনে করিয়ে দিয়েছেন, ‘আফগানিস্তানের স্পিন আক্রমণ অবশ্যই ভয়ানক। সীমিত ওভারের ক্রিকেটে তাদের বোলিং আক্রমণ কতটা ভয়ংকর হতে পারে সেটি আমরা জানি। দেখুন, এটা সম্পূর্ণ ভিন্ন একটা ফরম্যাট। তবে অবশ্যই তারা আগামী পাঁচ দিন আমাদের জন্য ভয়ংকর।’
চট্টগ্রামে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার সিরিজের একমাত্র টেস্টটি মাঠে গড়াবে বৃহস্পতিবার।