মুম্বাইয়ে জ্বালানি উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ডে নিহত ৭

ভারতের মুম্বাই শহরের কাছে রাষ্ট্রায়ত্ত জ¦ালানি উৎপাদন কেন্দ্রে বড় ধরনের অগ্নিকাণ্ডে সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।

গতকাল মঙ্গলবার সকালে মুম্বাই থেকে ৪৫ কিলোমিটার দূরে উরানে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস করপোরেশনের (ওএনজিসি) প্ল্যান্টটিতে আগুন লাগে।

নভি মুম্বাই এলাকার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা অশোক দুদে বার্তা সংস্থা এএফপিকে বলেন, এ ঘটনায় প্ল্যান্টের এক কর্মী ও সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) তিন সদস্য ও আরও তিনজনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে আরও তিনজন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। প্ল্যান্ট ঘিরে প্রায় দুই কিলোমিটার এলাকায় নিরাপত্তাবেষ্টনী দিয়েছে পুলিশ। অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এক টুইটে ওএনজিসি বলেছে, তেল-গ্যাস প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রটির ‘স্টর্ম ওয়াটার’ ড্রেনে আগুন লাগে। এতে তেল প্রক্রিয়াকরণে কোনো ব্যাঘাত ঘটেনি।